Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

৪৬ কোটি ডলার জরিমানা পরিশোধ করতে পারবেন না ট্রাম্প, সম্পত্তি বন্ধক বা বিক্রি হতে পারে

নিউইয়র্কে একটি প্রতারণা মামলার রায়ে ডোনাল্ড ট্রাম্পকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে ট্রাম্প এ পরিমাণ নগদ অর্থ বা সমমানের বন্ড দিতে অপারগ বলে জানিয়েছেন তার আইনজীবীরা।আজ মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

২৫ মার্চের মধ্যে ট্রাম্প জরিমানা পরিশোধ করতে না পারলে আদালত তার আবাসন ব্যবসার কিছু সম্পত্তি বিক্রি করে বা বন্ধক রেখে সে অর্থের যোগান দিতে পারে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তবে আপিল আবেদন নিষ্পত্তি হওয়ার আগেই ট্রাম্পকে জরিমানার অর্থ নগদে অথবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ নেওয়া বন্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আইনজীবীরা জানিয়েছেন, এ পরিমাণ অর্থের সমতুল্য বন্ড দিতে আগ্রহী কোনো বেসরকারি প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, এত বড় আকারের বন্ড জোগাড় করা ‘প্রায় অসম্ভব’।

বন্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণ একটি ফির বিনিময়ে আদালতকে জরিমানার অর্থ পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে।
ট্রাম্প যদি আপিলে হেরে যান এবং নিজে সেই অর্থ পরিশোধ করতে না পারেন, সে ক্ষেত্রে বন্ডদাতা প্রতিষ্ঠানটিকে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এ কারণে, ট্রাম্পের বিষয়টি বিমা প্রতিষ্ঠানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
এক বিবৃতিতে ট্রাম্প জানান, তাকে যে বন্ড দিতে বলা হয়েছে, তা ‘যেকোনো প্রতিষ্ঠানের জন্যই প্রায় অসম্ভব বিষয়। এমন কী, আমার নিজের প্রতিষ্ঠানের মতো সফল প্রতিষ্ঠানের জন্যেও অসম্ভব।’
ট্রাম্পের আইনজীবীরা আদালতের কাছে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তারা ‘বিশ্বের সবচেয়ে বড় বিমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়েছে।’
কিন্তু ওই পরিমাণ অর্থ পরিশোধে কেউ রাজি হয়নি।

আইনজীবীরা আরও জানান, তারা মোট ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেও সফল হননি।
এই মামলায় ট্রাম্পের বড় দুই ছেলেকেও লাখো ডলার ক্ষতিপূরণ পরিশোধ করতে বলা হয়েছে।
ক্ষতিপূরণের পাশাপাশি, নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরান ট্রাম্পকে এই অঙ্গরাজ্যে তিন বছরের জন্য যেকোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা থেকে নিষিদ্ধ করেছেন। বিচারে প্রমাণ হয়েছে, ট্রাম্প ভালো ঋণ পাওয়ার জন্য নিউইয়র্কে তার কিছু ভৌত সম্পদের দাম বাড়িয়ে বলেছেন, যা এক ধরনের প্রতারণা।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button