গাজার রাফায় অভিযান নিয়ে আলোচনার জন্য ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটন যাচ্ছেন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফায় অভিযান চালানোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সাথে আলোচনার জন্য তাঁর কর্মকর্তাদের একটি দলকে ওয়াশিংটন পাঠাতে সম্মত হয়েছেন। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, উভয় পক্ষ “নিজের দৃষ্টিভঙ্গি অন্য পক্ষের কাছে পরিষ্কার” করে দিতে চাইছে।
সোমবার বাইডেন আর নেতানিয়াহু এক মাসেরও বেশি সময় পর কথা বলার পর রাফা নিয়ে আলোচনায় সম্মত হন। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, গাজায় খাদ্য সঙ্কট এবং যুদ্ধের সময় ইসরাইলের কার্যক্রম নিয়ে দুই মিত্র দেশের মধ্যে দূরত্ব বেড়েছে।
সালিভান বলেন, আগামী দিনগুলিতে আলোচনা হবে এবং সেখানে সামরিক বাহিনী, গোয়েন্দা এবং মানবিক সাহায্য বিশেষজ্ঞরা থাকবেন বলে ধারনা করা হচ্ছে।
হোয়াইট হাউস গাজার দক্ষিণে অবস্থিত রাফায় সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুর পরিকল্পনা সম্পর্কে সন্দিহান ছিল। গত ৭ অক্টোবর হামাসের মারাত্মক হামলার পর তাদের নির্মূল করতে ইসরাইলি আক্রমণের মুখে ১৫ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



