সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন রিকন্ডিশন গাড়ির শোরুম প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের শারজাতে মেধা ও শ্রম দিয়ে রিকন্ডিশন গাড়ির বিশাল এক শোরুম গড়ে তুলেছেন ব্যবসায়ী নজরুল ইসলাম লিটন তালুকদার। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেক প্রবাসী বাংলাদেশির। তিনি নিজে যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। নিজ এলাকার অসহায় মানুষের সহযোগিতার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজও করে যাচ্ছেন এই রেমিটেন্স যোদ্ধা।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের প্রধান শিক্ষক মরহুম আব্দুল খালিক এর ছেলে নজরুল ইসলাম লিটন তালুকদার। নিজের ইচ্ছা শক্তি, সততা আর উদ্যম দিয়ে জয় করেছেন প্রবাস জীবন। শিক্ষক পিতা মাতার তত্ত্বাবধানে বেড়ে উঠা লিটন তালুকদার ২০০০ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।
শুরুতে চাকুরি করলেও-মেধা, শ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে বর্তমানে তিনি একই শোরুমের স্বত্বাধিকারী।
সপরিবারে প্রবাসে বাস করলেও, নিজের দেশ ও মাটিকে বুকে আগলে ধরে রেখেছেন এই রেমিটেন্স যোদ্ধা। বর্তমানে ব্যবসার পাশাপাশি যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনে। নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমুলক কাজসহ অসহায়দের পাশে দাড়ান তিনি।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ প্রবাসীদের সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান এই সফল রেমিটেন্স যোদ্ধা।
বাংলাটিভি/ এস



