কাবুল বিমানবন্দরে ৫ জন নিহত

তালেবান দখলের পর দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সেখানে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। হুড়োহুড়ি করে বিমানে ওঠার চেষ্টা করেন অনেকে। সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে। তবে কীভাবে তাঁরা মারা গেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আফগানিস্তান ছাড়তে চাওয়া ব্যক্তিদের বাধা না দিতে, তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে, বলে জানিয়েছে এসব দেশ।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার ৬৫ দেশের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টও করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতে তিনি বলেন, আফগানসহ বিভিন্ন দেশের নাগরিক যারা দেশত্যাগ করতে চান, তাদের যেন তা করতে দেওয়া হয়। এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।
যুক্তরাষ্ট্র ছাড়াও বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও যুক্তরাজ্য।
বাংলাটিভি/ এআর



