আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে বেশি করে জানালে প্রবাসে দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে।এজন্য দূতাবাস, কমিউনিটি এবং পরিবার থেকে প্রতিনিয়ত উদ্যোগ নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করে এসব কথা বলেন,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পৃথিবীর বিভিন্ন দেশেই ছড়িয়ে আছেন বাংলাদেশীরা। সংযুক্ত আরব আমিরাতও পিছিয়ে নেই। প্রায় ৭ লাখের বেশি বাংলাদেশীর বসবাস মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।
এই মরুর দেশে প্রবাসী বাংলাদেশীদের নতুন প্রজন্ম ও বিদেশীদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরতে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম জানাতে এ অনন্য আয়োজন বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান করেন প্রবাসীদের।
বর্তমানে বঙ্গবন্ধু কর্নারে ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত, পারিবারিক, রাজনীতিক এবং রাষ্ট্রীয় নানা কালজয়ী ছবি স্থান পেয়েছে। এই দুর্লভ ছবিগুলো বঙ্গবন্ধু সম্পর্কে জানার পরিধি বৃদ্ধি করবে বলে মনে করেন প্রবাসের বিশিষ্টজনেরা।
বঙ্গবন্ধু কর্নারে বাংলাপিডিয়া, বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধের নানা গুরুত্বপূর্ণ বইয়ের সমাহার রয়েছে। যা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে সবাইকে রশদ যোগাবে বলে মেনে করেন প্রবাসী দর্শনার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল বিএম জামাল, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন ঊদ্দিন, গোলাম কাদের ইফতি, ইন্জিনিয়ার আশীষ বডুয়া, জনতা ব্যাংকের সিইও আমিনুল হাসান, বিমানের এরিয়া ম্যানেজার আবদুল্লাহ, অধ্যক্ষ মীর আনিসুল হাসানসহ অনেকে।
এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সচিব, রাষ্ট্রদূতসহ উপস্থিত সুধীজনরা।
বাংলা টিভি/ এস



