Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আবেদন ছাড়াই নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে সেবা

এখন থেকে আবেদন ছাড়াই নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট থেকে সেবা নেয়া যাবে, এর পাশাপাশি ডাকযোগে সেবাও চালু থাকবে।

কনস্যুলেটের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ ২০২১ থেকে কনস্যুলার সেবাগ্রহীতারা করোনা মহামারিজনিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে সরাসরি সেবা নিতে পারবেন। এজন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না, তবে যথারীতি ডাকসেবা অব্যাহত থাকবে।

অফিস চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সেবার আবেদন গ্রহণ করা হবে এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডেলিভারি প্রদান করা হবে। সেবা গ্রহণকারী সবাইকে মাস্ক পরিধানসহ, অন্যান্য স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে কনস্যুলেটে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বলা হয়, যেহেতু করোনা মহামারির কারণে বর্তমানে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক ইনডোর সমাবেশে একটি নির্দিষ্ট সংখ্যার বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু অধিক জনসমাগম হলে স্বাস্থ্যবিধি অনুসরণের স্বার্থে সেবাগ্রাহকদের কনস্যুলেটের বাইরে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হতে পারে।

ইতোমধ্যে যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তারা গৃহীত অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত সময়ে অথবা অফিস চলাকালীন তাদের সুবিধাজনক সময়ে কনস্যুলেটে এসে সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ডাকযোগে সেবা চালু থাকায়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button