প্রবাসীর কাছ থেকে ১৪ স্বর্ণের বার উদ্ধার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, দুবাই থেকে আসা এক প্রবাসীর কাছ থেকে ১৪ টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে, কাস্টমস শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি এবং এর বাজার মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।
শুক্রবার জামিল আহমেদ নামে ঐ প্রবাসী, দুবাই থেকে বিজি-২৪৮ নামে একটি ফ্লাইটে দেশে আসেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। উদ্ধারকৃত বারগুলোর ১২ টি তার পায়ের উরুতে বাঁধা অবস্থায় ছিলো। বাকী ২ টি বার তার ব্যাগ থেকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত কোরে, সিলেট ওসমানী বিমানবন্দরের কাষ্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জামিল আহমেদের ওপর বিশেষ নজরদারী করা হয়েছিলো। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে জামিল তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলেও, পরে তার শরীর সার্চ করলে স্বর্ণ পাওয়া যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার প্রস্ততি চলছে।



