বিশ্ববাংলা
দক্ষিণ কোরিয়ায় দূতাবাসের নামে টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র

দক্ষিণ কোরিয়ায় দূতাবাসের নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সক্রিয় রয়েছে একটি অসাধু চক্র। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পেইজে, এ ব্যাপারে একটি সতর্কতামূলক পোষ্ট করা হয়।
এতে জানানো হয়, সম্প্রতি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা কনস্যুলার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নাম ব্যাবহার করে, ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে, সেই অ্যাকাউন্ট থেকে প্রবাসীদের কাছে টাকা চাওয়া হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, এই আইডিটি দূতাবাস কর্মকর্তার সত্যিকারের আইডি নয়। তাই এই আইডির সাথে কোনোরকম অর্থনৈতিক লেনদেন না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া, এসব দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য, দক্ষিণ কোরিয়ার সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানানো হয়েছে।



