আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: প্রভা

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার একটি ভিডিও বার্তায় তিনি এ নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন এবং বুলিং সংস্কৃতি ও ভিকটিম ব্লেমিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
ভিডিও বার্তার শুরুতেই তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিষয়গুলো উপেক্ষা করলেও নিজের দায়বদ্ধতা থেকেই এবার কথা বলতে বাধ্য হয়েছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও নেতিবাচকতার বিষয়টি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।
প্রভা অভিযোগ করেন, যারা অনলাইনে অন্যদের নিয়ে ট্রল বা কটূক্তি করেন, তাদের অনেকেই মানসিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন। তার মতে, নিজের অবস্থান, যোগ্যতা বা ব্যক্তিত্ব নিয়ে অস্বস্তি থেকেই অনেকেই অন্যকে আক্রমণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় কটূক্তির আশ্রয় নেন।
দীর্ঘ সময় ধরে চলা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বহু বছর ধরে তিনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তবে তিনি মনে করেন, শুধুমাত্র ভুক্তভোগীকে লক্ষ্য না করে যারা এসব আক্রমণ বা ব্যক্তিগত ক্ষতির পেছনে দায়ী, তাদেরও সমানভাবে প্রশ্নবিদ্ধ করা উচিত।
তার বক্তব্যে তিনি আরও বলেন, অনলাইনে ভিকটিমকে দোষারোপ করার প্রবণতা সমাজে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, অপরাধী বা আক্রমণকারীদের জবাবদিহির আওতায় না এনে ভুক্তভোগীকেই বারবার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা অন্যায়কে আরও উৎসাহিত করছে।
তিনি উদাহরণ টেনে বলেন, বাস্তব জীবনে যেমন গুরুতর অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়, অনলাইন ক্ষেত্রেও তেমনি হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকা প্রয়োজন।
প্রভা বলেন, যারা তাকে দীর্ঘদিন ধরে আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্য তার কাছে স্পষ্ট। তবে তিনি মনে করেন, এই শক্তি যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এ বিষয়ে এখনো সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



