আর্জেন্টিনার সমর্থক, অথচ মিশরের জয় চান বর্ষা!

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা এবার নিজের প্রিয় দলের ম্যাচগুলোও নিয়মিত উপভোগ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের পারফরম্যান্স নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানাচ্ছেন তিনি। তবে এবার এক পোস্টে তিনি জানিয়েছেন ভিন্ন এক অনুভূতির কথা।
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ফল আর্জেন্টিনার পক্ষে না গেলেও মন খারাপ হবে না বলে জানিয়েছেন বর্ষা।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।”
বর্ষার এই মন্তব্যের পর তার অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার অনুভূতির সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ মনে করছেন খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করা উচিত নয়।
উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন আফিয়া নুসরাত বর্ষা। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই স্বামী ও অভিনেতা-প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে। এর আগে তারা জানিয়েছিলেন, অভিনয় থেকে সরে গিয়ে ধর্মীয় জীবনযাপনে মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে হাতে থাকা কাজগুলো শেষ করার কথা জানান তারা। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন বর্ষা। সামনে ‘কিল হি ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।



