
বাংলা টিভি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি।
তবে এ বিষয়ে দীর্ঘ কোনো মন্তব্য করেননি তিনি। বেনজীর আহমেদের গ্রেপ্তার-সংক্রান্ত একটি সংবাদ নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে মাত্র এক শব্দে প্রতিক্রিয়া জানান। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “মজা”।
অভিনেত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ব্যাখ্যা সামনে এসেছে। অনেকের ধারণা, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবকেন্দ্রিক ঘটনার পর তার জীবনে তৈরি হওয়া আইনি ও ব্যক্তিগত বিতর্কের প্রেক্ষাপট থেকেই তিনি এমন প্রতিক্রিয়া জানিয়ে থাকতে পারেন। যদিও এ বিষয়ে পরীমণি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
উল্লেখ্য, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ মে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। সম্প্রতি দুবাইয়ে তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেই তালিকায় তার নামও অন্তর্ভুক্ত হয়।



