Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধশিক্ষা

জাবিতে গাঁজা সেবনের দায়ে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর কারাদণ্ড

বাংলা টিভি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে ঘুরতে এসে গাঁজা সেবনের দায়ে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের দুজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্র্যাক ইউনিভার্সিটির সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ।

বিশ্ববিদ্যালয় ও নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই দুই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের (ব্যাচ) দুই শিক্ষার্থীর আমন্ত্রণে অতিথি হিসেবে ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন। দুপুরে সুইমিংপুল এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় বিশ্ববিদ্যালয়ের তাদের হাতেনাতে আটক করে নিরাপত্তা শাখায় খবর দেয়া হয়। পরে তাদেরকে নিরাপত্তা শাখায় নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত উভয়কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা স্বাধীন বলেন, আমি ফোনে খবর পেয়ে শের এ বাংলা এ কে ফজলুল হক হলের সামনে যাই। সেখানে গিয়ে অভিযুক্ত দুজন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও আমাদের ক্যাম্পাসের দুজন শিক্ষার্থীকে নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে ঘটনাস্থলে গিয়ে আমি গাঁজা ও গাঁজা সেবনের কিছু আলামত জব্দ করি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম জানান, ক্যাম্পাসে মাদক ও বহিরাগত নিয়ন্ত্রণে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পাসে মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অপরাধে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button