Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

এবার ‘কী রাগ করলা’ ডায়ালগে মজলেন শাকিব খান!

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন সবখানেই রাজত্ব করছে নতুন এক ট্রেন্ডিং ডায়ালগ—‘কী রাগ করলা’। ক্যাপশন, কমেন্ট কিংবা ইনবক্স—নেটিজেনদের মিম তৈরির প্রতিযোগিতায় এখন শীর্ষে রয়েছে এই সংলাপটি। সাধারণ মানুষের পর এবার এই ভাইরাল ট্রেন্ডে গা ভাসালেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানও। সুপারস্টারের এই ডায়ালগ ব্যবহারে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেড়েছে আলোচনা।

সম্প্রতি শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ডায়ালগ নিয়ে একটি মজার মিম শেয়ার করা হয়। সেখানে শাকিব খানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথাটা ঠিক না বেঠিক?” ভক্তদের ধারণা, শাকিব খানের বহুল আলোচিত ‘তুফান’ কিংবা নতুন কোনো সিনেমার প্রচারণাতেই এই ট্রেন্ডকে ব্যবহার করা হয়েছে।

গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই মূলত এই সংলাপটির জন্ম। ভিডিওতে দেখা যায়, শহরের এক ব্যস্ত রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের ভাগ্য বদলের নানা উপায় বলে দিচ্ছেন। কথার ফাঁকে ফাঁকে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করছেন—“রাগ করলা?”

ভিডিওতে ওই গণকের কথা বলার ভঙ্গি ও মানুষকে প্রভাবিত করার অদ্ভুত ধরন নেটিজেনদের কাছে বেশ হাস্যরসের বিষয় হয়ে ওঠে। এরপর থেকেই সংলাপটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়।

বর্তমানে ব্যঙ্গাত্মক ও মজার কনটেন্ট তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এই সংলাপ। কেউ অফিসের বসের সঙ্গে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে ওই গণকের আচরণের মিল খুঁজে পাচ্ছেন। আর এবার এসকে ফিল্মসের মাধ্যমে শাকিব খানের নাম যুক্ত হওয়ায় ট্রেন্ডটি পেয়েছে নতুন মাত্রা।

সংশ্লিষ্ট খবর

Back to top button