Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষারাজধানী

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেফতার-বহিষ্কারের দাবি

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। একই সঙ্গে সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর স্বাধীন সাংবাদিকতার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ধারাবাহিক ঘটনাগুলো তা প্রশ্নবিদ্ধ করছে। গত দুই দিনে সাংবাদিকদের হেনস্তা এবং সর্বশেষ শাহবাগ থানায় সরাসরি হামলা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে সাংবাদিকরা শাহবাগ থানায় গেলে ভিডিও ধারণের সময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয়। প্রতিবাদ জানালে সাংবাদিকদের ধাক্কা দেওয়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। পরবর্তীতে ১৫০ থেকে ২০০ জনের একটি দল মব তৈরি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের ভূমিকা ছিল নীরব। তাদের উপস্থিতিতেই পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং হামলা তীব্র হয়। তিনি এটিকে সাংবাদিকদের জন্য একটি স্পষ্ট ‘থ্রেট’ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। আহতদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক নিজেও রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তিন দফা দাবি উত্থাপন করেছে-হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার, জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার, এবং সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া সংবাদ সম্মেলন শেষে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক হামলার শিকার হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button