Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন আহত

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় টাকা লেনদেনকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮) ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ি কাজলা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় একটি বাসায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে দিয়াদের গাড়িচালক পরিচয়ে বিল্লাল হোসেন জানান, প্রতিবেশী মুসা মিয়া তাদের কাছে টাকা পান। এই পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যান তিনি। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর দিয়ার পরিবার মুসা মিয়াকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়ার মা, এক ভাই ও এক বোনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছে।

তিনি আরও জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজে পড়ত। জয়া একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আর ছোট ভাই মোয়াজ একটি স্কুলে পড়ে। এর বেশি কিছু জানেন না বলে জানান তিনি।

এদিকে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button