Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষাবাংলাদেশরাজধানী

ঢাবিতে নারী হেনস্তার প্রতিবাদে ছেলের হলে দলবেঁধে খেলা দেখলেন মেয়েরা

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ও এক নারীকে হেনস্তার অভিযোগের প্রতিবাদে দলবেঁধে মাঠে বসে খেলা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

রোববার (২৮ জুন) সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখতে শহীদুল্লাহ হল মাঠে জড়ো হন তারা। এ সময় অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এর আগে শনিবার রাতে অভিযোগের ঘটনাটির প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ঘোষণা দেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।

খেলা দেখা শেষে সানজানা চৌধুরী রাত্রী বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের অংশ হিসেবে গত শুক্রবার ফ্রান্স-নরওয়ে ম্যাচ দেখতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক সাবেক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে শহীদুল্লাহ হলে আসেন। কিন্তু তার সঙ্গে একজন নারী থাকায় হল সংসদের শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক সাজু ও তার সহযোগীরা ওই দম্পতিকে বিভিন্ন বিদ্বেষমূলক ও হয়রানিমূলক প্রশ্ন করেন। একপর্যায়ে তারা দম্পতিকে খেলা না দেখেই হল ত্যাগ করতে বাধ্য করেন।’

তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা মনে করেছি, নারীর প্রতি এ ধরনের অবজ্ঞাপূর্ণ ও বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এর প্রতিবাদ জানাতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা দলবেঁধে শহীদুল্লাহ হলের মাঠে খেলা দেখতে এসেছি। খেলা শেষে আমরা প্রক্টর অফিসে স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে খেলা দেখতে আসা নারী শিক্ষার্থীদের ছবি শেয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান লিখেন, ড. মুহাম্মদ শহীদুল্লহ্ হলে খেলা দেখতে আসা নারী শিক্ষার্থীদের শিবির নেতা কর্তৃক হেনস্তা এবং অশালীন মন্তব্যের প্রতিবাদে আজকে শহীদুল্লাহ্ হল মাঠে খেলা উপভোগ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা! নর বাহে হল, নারী বহে জল,সেই জল মাটি মিশে; ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ ফেসবুকে লিখেন, শহীদুল্লাহ্ হলে নারীরা গিয়ে খেলা দেখলেন, তাও এতো বড় সংখ্যায়। এখানে সকল ছাত্র সংগঠনের নারীরা আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এমন অনেক অধিকার সচেতন নারীরাও আছেন। নারী অধিকার প্রশ্নে এমন সম্মিলিত পজিশন আশা জাগায়।

তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেন্স দিয়ে এই রাষ্ট্র দেখার পজিশন নতুন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নিজ অধিকারপ্রশ্নে ঐক্যবদ্ধ হওয়াটা সারা দেশের নারীদের জন্যই পজিটিভ সাইন। জুলাইয়ের ফ্রন্টলাইনার নারীদের নিজেদের হিস্যা বুঝে নেয়ার পলিটিকাল পজিশন আপনাকে সম্ভাবনা দেখাবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে এক সাবেক শিক্ষার্থী দম্পতিকে হেনস্তার অভিযোগ ওঠে হল সংসদের সমাজসেবা সম্পাদক ও শিবির নেতা সাজু মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, সঙ্গে একজন নারী থাকায় তাদের বিভিন্ন প্রশ্ন করে একপর্যায়ে খেলা না দেখেই হল ত্যাগ করতে বাধ্য করা হয়। তবে সাজু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম-শৃঙ্খলার স্বার্থে কেবল তাদের চলে যেতে অনুরোধ করা হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button