প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
শুক্রবার চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভাটি এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে আয়োজন করা হয়, যেখানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষায় নকল ঠেকাতে ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যারা নকল সরবরাহে জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি খাতা মূল্যায়নের মান নিশ্চিত করতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং এসব বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে ঢাকার সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, ভয়ের কোনো কারণ নেই। একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানান, সিসিটিভির মাধ্যমে পুরো পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।



