Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দ্রব্যমূল্য

হিলিতে কমেছে পেঁয়াজ-রসুনের দাম

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ ও রসুনের দাম কমেছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা কমে বর্তমানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের দামও কমেছে; আগে যেখানে ১০০ থেকে ১২০ টাকা ছিল, এখন তা নেমে এসেছে ৭০ টাকায়। তবে আদার দাম এখনও তুলনামূলক বেশি, কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান মাসে নিত্যপণ্যের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

বাজার করতে আসা এক ক্রেতা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে কিছু পণ্যের দাম কমেছে। গত সপ্তাহে তিনি দেশি পেঁয়াজ কিনেছিলেন ৪৫ টাকা কেজিতে, যা এখন ২৮ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। রসুনের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। তার মতে, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে থাকলে সাধারণ মানুষের জন্য তা অনেক উপকারী হয়।

বিক্রেতারা বলছেন, মোকামে সরবরাহ বাড়ায় তারা কম দামে পণ্য কিনতে পারছেন এবং সে অনুযায়ী কম দামে বিক্রি করছেন। তবে আগের তুলনায় ক্রেতা কিছুটা কম বলে দাবি তাদের। তারা মনে করেন, খুচরা বাজারের পাশাপাশি মোকামেও নিয়মিত অভিযান পরিচালনা করলে নিত্যপণ্যের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হিলি ও আশপাশের বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো ব্যবসায়ী যাতে মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসন মাঠে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button