অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢুকেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুল বলেন, “ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না। অনুমতি নিয়েই ঢুকেছি।”
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের নিয়ম নেই। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ভিপি প্রার্থী আবিদুলের অভিযোগ, প্রার্থীদের জন্য আলাদা কোনো পরিচয়পত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি। ফলে অনেক কেন্দ্রে প্রবেশে প্রার্থীরা সমস্যায় পড়ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আটটি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
এসআর/বাংলা টিভি



