Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও চারজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারজন।  বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন—জহিরুল ইসলাম, মোতালেব, ৯ বছর বয়সী শিশু সোলায়মান এবং ১৩ বছরের কিশোর রাব্বি। গতকাল রোববার রাত ১২টার দিকে জহিরুল ইসলাম, আড়াইটার দিকে মোতালেব, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শিশু সোলায়মান এবং সকাল পৌনে ৭টার দিকে কিশোর রাব্বি মারা যায়।

মৃতদের মধ্যে জহিরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভেড়াখোলা গ্রামের আয়নাল ফকিরের ছেলে। মোতালেব টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। শিশু সোলায়মান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভালোকজান গ্রামের শফিকুল ইসলামের ছেলে। শিশুর রাব্বি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তারতিয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে।

ডা. তরিকুল ইসলাম বলেন, ‘৬৫ শতাংশ বার্ন নিয়ে জহিরুল ইসলাম, ৯৫ শতাংশ বার্ন নিয়ে মোতালেব, ৮০ শতাংশ বার্ন নিয়ে শিশু সোলায়মান এবং ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় রাব্বি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা গেছেন।’

বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button