বঙ্গবন্ধু বাঙালি জাতির দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছেন: মেয়র আতিকুল

বঙ্গবন্ধু বাঙালি জাতির দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছেন বলে জানিয়েছেন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। রোববার সকালে ডিএনসিসি মূল ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। কাউন্সিলরবৃন্দ, ডিএনসিসি শ্রমিক লীগ, ডিএনসিসি স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন, ডিএনসিসি পরিবহন চালক-শ্রমিক-কর্মচারী কল্যাণ ইউনিয়ন, ডিএনসিসির সকল কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নগর ভবনের হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
এ সময় ডিএনসিসি মেয়র বলেন, পাল, সেন, সুলতান, মোঘল, আফগান, ইংরেজ শাসন যাই বলি না কেনো, হাজার বছর পরাধীনতার গ্লানি বয়ে বেড়িছে এ জাতি। স্বাধীনতা ছিল আজন্ম চাওয়া। কেউ স্বাধীনতা দিতে পারেনি।
স্বাধীনতা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাঙালি জাতির দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছেন। যার তর্জনীর ইশারায় মুক্তিপাগল মানুষ সমুদ্রের মতো জেগে উঠেছিল। ছিনিয়ে এনেছিল এই দেশ, এই স্বাধীনতা, একটি স্বাধীন মানচিত্র।
মেয়র আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সবাই প্রতিজ্ঞা করি, এই শহরকে শিশুদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সর্বদা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
বাংলা টিভি/ রাজ



