৫৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন।
এর আগে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন।

পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. দীপুমনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের কারণে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, করোনা মহামারির আগে এপ্রিলে পরীক্ষা হলেও, এবার মহামারি ও কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ফলে যথাসময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।কিন্তু শিক্ষার্থীদের অনলাইনে পাঠ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান ছিল।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আমরা এবার ডিজিটাল ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করেছি। শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফর্ম পূরণ করেছে, এমনকি আজকের ফলাফলও তারা অনলাইনে জানতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আজকের পর উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষা, যে পথেই যান না কেন, যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পথে যাবেন। যেন দক্ষ, যোগ্য ও অবদানক্ষম নাগরিক হয়ে উঠতে পারেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা অবদান রাখবেন।
এদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই,রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে, দেশের জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভালো ফলাফলে খুশি শিক্ষক এবং অভিভাবকরাও।
বাংলা টিভি/অজিত



