পরীর জন্মদিনের বোর্ডিং পাস

আজ (২৪ অক্টোবর) এই ঢালিউড সুপার ওমেনের জন্মদিন। যথারীতি দিনটিকে ঘিরে পরী উড়ছেন আকাশে। পরীমণি মূলত বছরে দুইবার সত্যি সত্যি আকাশে পাখা মেলেন। একটি কোরবানির ঈদে বিএফডিসিতে অন্যটি নিজের জন্মদিনে। জন্মদিনের জমকালো আয়োজন করছেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।
এদিন সন্ধ্যার পর আমন্ত্রণ জানালেন বেছে বেছে। ড্রেসকোডের ছলে বলে দিলেন, এবার তিনি উড়বেন শান্তির সাদা আর রেড অক্টোবরের মশাল নিয়ে। তাই মেয়েদের জন্য লাল আর ছেলেদের জন্য সাদা পোশাকের আবদার রাখলেন। দাওয়াতপত্রেও রাখলেন নতুনত্ব।
উড়োজাহাজের বোর্ডিং পাসের আদলে করেছেন ইনভাইটেশন কার্ড। যেখানে তিনি আমন্ত্রিতকে আহ্বান করেছেন এই বলে, ‘নিখাদ হৃদয় নিয়ে তুমি আমার কাছে এসো, এরপর আমার সঙ্গে উড়াল দিও- অনন্ত আকাশে। এমন আহ্বান কিংবা দাওয়াতের আইডিয়া সচরাচর মেলে না, নায়িকা তো নয়ই- আজকাল আর তেমন কোথাও না।
এদিকে রবিবার সন্ধ্যার পর পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর। সকাল থেকে দুপুর নাগাদ সময় দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। কাটবেন কেক, বিতরণ করবেন বিভিন্ন উপহারসামগ্রী।
বাংলাটিভি/ সাকিব



