সিলেটে পর্তুগাল প্রবাসী সোহেল আহমদের পরিবারকে হয়রানির অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে পর্তুগাল প্রবাসী সোহেল আহমদের পরিবারকে প্রতিপক্ষরা বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিলেটের মোগলাবাজারের ঘটনায় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইমেইলে একটি অভিযোগ দায়ের করেছেন পর্তুগাল প্রবাসী সোহেল। আর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
সিলেটের মোগলাবাজার ইউনিয়নের খালোমুখ বাজারের গাজিপাড়া গ্রামের হাজী গেদা মিয়ার ছেলে সোহেল আহমদ। থাকেন পর্তুগালে। বাড়ির পাশের জমি নিয়ে তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে ইমেইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি অভিযোগ দায়ের করেন সোহেল।
গ্রামবাসীরা জানান,বাড়ির পার্শবর্তী একটি জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সোহেলের পরিবারকে।
বর্তমানে হামলা-মামলার কারণে পরিবারের সবাই আতঙ্কিত। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ জুবায়ের রাফি।
মোগলাবাজার থানা পুলিশ জানায়, প্রবাসী কল্যাণ সেল থেকে আসা সোহেলের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রবাসী সোহেল আহমেদের পরিবার যেন হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার।
প্রবাসী সোহেলের পরিবারের নিরাপত্তার নিশ্চিতের পাশাপাশি সমস্যার দ্রুত সমাধান করে দিবেন স্থানীয় প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
বাংলাটিভি/এস



