
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি প্রদর্শনের ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন।
তিনি বলেন, ‘জাতির জনককে নিয়ে যেহেতু ছবিটি, তাই অনেক সতর্কতা আমাদের নিতে হবে। এটি সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখার প্রয়োজন। তাই আমরা পুনরায় এটির প্রদর্শনী করব। তারপর সিদ্ধান্ত দেবো।’
জাতির জনকের জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। এ কারণে গত ১৪ মার্চ এটি ছাড়পত্র পায়। তবে তা পাওয়ার ১ সপ্তাহের মধ্যেই ছাড়পত্রটি স্থগিত করা হলো।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনিই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। এতে জাতির পিতার চরিত্রে দেখা যাবে প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খানকে। তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি। শামিম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান।



