
শুটিং ব্যস্ততা অসীম হলেও অনেক দিন হলো দুই বাংলার প্রেক্ষাগৃহে নেই জয়া আহসান। সেই বিরতি শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে মুক্তি পেলো তার নতুন ছবি ‘অলাতচক্র’। এটি বাংলা ভাষায় তৈরি প্রথম ত্রিমাত্রিক ছবি।
যদিও এই প্রযুক্তির ছবি উপভোগের জন্য সে অর্থে প্রস্তুত নয় দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহ। ১৯ মার্চ ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের ৩টি শাখাসহ দেশের উল্লেখযোগ্য আরও ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ লেখক-চিন্তাবিদ আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস থেকে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। যে উপন্যাসের মূল উপজীব্য দানিয়েল-তায়েবার মধ্যকার প্রেম ও মুক্তিযুদ্ধ।
এতোদিন চরিত্র দুটি বইয়ের পাতা আর খবরের মধ্যে সীমাবদ্ধ ছিলো। এবার সেটি দর্শকদের সামনে বাস্তবে ধরা দিলো আহমেদ রুবেল ও জয়া আহসানের মাধ্যমে।



