
মাত্র দুই দিনের মাথায় সিদ্ধান্ত বদল করলেন নির্মাতা তৌকীর আহমেদ। পেছালেন তার নতুন চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ মুক্তির তারিখ। ১৯ মার্চের পরিবর্তে ছবিটি মুক্তি পাচ্ছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে।
বিষয়টি জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের প্রধান জাহিদ হাসান অভি। অনিবার্য কারণবশত তারিখ পেছানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ১৪ মার্চ সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি পেয়েছে।
পরিচালক তৌকীর আহমেদ জানিয়েছেন, এটি মূলত গানের, প্রতিবাদের ছবি। স্ফুলিঙ্গ মুক্তিযুদ্ধের। সকলের মনের ভেতরেই আছে এই স্ফুলিঙ্গ। ছবিতে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প উঠে আসবে।
দুই বছরেরও বেশি সময় পরে নিজের পরিচালিত সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন তৌকীর আহমেদ। ছবিটির প্রধান চরিত্রগুলোতে আছেন পরীমনি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।



