
একেবারে আনকাট অবস্থায় ‘নিষিদ্ধ’ সিনেমা ‘মেকআপ’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, আগামী ২১ মার্চ আই থিয়েটার অ্যাপে এটি মুক্তি পাচ্ছে। মাত্র ৫০ টাকার অনলাইন টিকিটের মাধ্যমে ছবিটি দেখতে পারবে যে কেউ।
অনন্য মামুন আরো বলেন, ‘আমরাও ছবিটি পুনরায় দেখেছি। এতে কাউকে ছোট করার কোনও উপাদান নেই। তাই আমরা অনলাইনে মুক্তি দিচ্ছি। আর যেহেতু সেন্সর বোর্ড থেকে ছবিটি সম্পাদনার কোনও নির্দেশনা নেই, তাই একই অবস্থায় এটি মুক্তি পাবে।’ ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে সিনেমাটি দেখানো হবে।
এর আগে ছবিটি ‘অপ্রদর্শনযোগ্য’ বা ‘নিষিদ্ধ’-‘মেকআপ’ চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। কোনও দৃশ্য বা সংলাপ সম্পাদনার সুযোগ না দিয়েই বোর্ড ছবিটি মুক্তির বিষয়টি এভাবে এক কথায় খারিজ করে দেয়।
ঢাকাই চলচ্চিত্র শিল্পীদের জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মেকআপ’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।
এদিকে, ১২ মার্চ অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘মেকআপ’ সিনেমার একটি থিম পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘চোরকে চোর বলতে পারব না, তা তো হতে পারে না। আমার ভাষা কেড়ে নেয়ার অধিকার কারও নেই…।’



