
নবাগত দীঘির বিরুদ্ধে মামলা করেছেন ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
বুধবার (১০ মার্চ) দুপুরে আদালতে কোটি টাকার মানহানি মামলা করেন এই প্রবীণ নির্মাতা। এই নির্মাতা জানিয়েছেন, ‘দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ এর আগে গত মঙ্গলবার (৯ মার্চ) নির্মাতা ঝন্টুকে ‘সরি’ বলেছিলেন দীঘি।
ঝন্টু আরো বলেন, ‘নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’
শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল দীঘির। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। নায়িকা হিসেবে ফিরেছেন তিনি।



