
শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির এবার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বড় পর্দায়। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুই নেই’ সিনেমাটি।
বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এটি পরিচালনা করেছেন দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এতে পারিবারিক দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও সিনেমাতে অভিনয় করেছেন।
এছাড়া আরও অভিনয় করেছেন- সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। তবে নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমার ট্রেলারে কোনো নতুনত্বের ছোঁয়া না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন ট্রেলারেই বোঝা যায় গৎবাঁধা নির্মাণের একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।
এর আগে প্রকাশ হওয়া সিনেমাটির বেশ কয়েকটি পোস্টারও ফেসবুকে সমালোচনার মুখে পড়ে। তবে সবকিছুর বাইরে সিনেমাটি দর্শক গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন দীঘি।



