
অভিনয়ে নিয়মিত হতে চান নতুন মুখ প্রিয়ন্তী উর্বী। ক্যারিয়ারের শুরুতেই নাম লিখিয়েছেন টেলিফিল্মে। অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ভেজা বিড়াল নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি।
প্রিয়ন্তী উর্বী বলেন, প্রথম অভিনয়টা বেশ উপভোগই করেছি। অভিজ্ঞ সব বড় অভিনেতাদের সাথে কাজ করতে পেরে ভালো লেগেছে। যদিও শুরুর দিকে কিছুটা ভয় পেয়েছিলাম, তবে সহশিল্পী সহযোগিতায় সংকোচ কেটে গেছে অনেকটায়। ইতোমধ্যে টেলিফিল্ম ভেজা বিড়ালের শুটিংও শেষ হয়েছে। এতে আমার বিপরীতে আছেন শ্যামল মাওলা। এছাড়াও রয়েছেন জনপ্রিয় অভিনেতা কচি খন্দকারসহ অন্যান্যরা।
বিয়ের কনেকে বাড়ি থেকে ভাগিয়ে, নানা বিড়াম্বনার মধ্য দিয়ে এগোতে থাকবে গল্পটি। আশা করি টেলিফিম্মের কাহিনী সবার ভালো লাগবে। দেখার আমন্ত্রণ রইলো। প্রিয়ন্তীর এই টেলিফিল্ম আগামী ১২ মার্চ দুপুর ৩টায় মুক্তি পেতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।
নতুন অভিনেত্রী উর্বী আরো জানান, এখন থেকে নিয়মিত হবেন অভিনয়ে। চান নিজেকে আরো আত্মবিশ্বাসী করতে। কেবল নির্দিষ্ট ঘরনার আবদ্ধ না থেকে, সবধরনের গল্প নির্ভর চরিত্রে অভিনয় করতে আগ্রহের কথা জানান তিনি। গ্ল্যামারের চেয়ে গল্পেই বেশি আস্থা প্রিয়ন্তী উর্বীর।
এর আগে, প্রিয়ন্তী কাজ করেছেন নারী দিবসের একটি ওবিসিতে। এবার নারী দিবস উপলক্ষ্যে সেটি সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন প্লাটফর্মে মুক্তি পাওয়ায়, ব্যাপক সাড়াও মিলেছে বলে জানান তিনি।



