Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

চলে গেলেন টলিউড অভিনেতা মনু মুখার্জি

চলে গেলেন মনু মুখার্জি। আরেক বর্ষীয়ান অভিনেতাকে হারালো কলকাতার সিনে জগত। রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

তার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
শুধু কলকাতাই নয়, মনু মুখার্জি বেশ জনপ্রিয় ছিলেন বাংলাদেশেও। ২০১৫ সালে পশ্চিমবঙ্গে টেলি সম্মান পুরস্কার অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ দিয়ে সম্মানিত করা হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ছিল হৃদযন্ত্রের সমস্যাও।

মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা ছিল তার। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবির মধ্যে ছিল সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-ও। এছাড়া নব্বই দশকের প্রচুর বাংলা ছবিতে বাবার চরিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকেরও মন জয় করেছিলেন এই অভিনেতা।

তার উল্লেখযোগ্য ছবিগুলি হলো, ‘গণদেবতা’, ‘মৃগয়া’, ‘অশনি সংকেত’, ‘শ্বেত পাথরের থালা’, ‘পাতালঘর’, ‘বাকিটা ব্যক্তিগত’ ইত্যাদি। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট খবর

Back to top button