
দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর শুক্রবার (২৩ অক্টোবর) একটি দেশি সিনেমা ও হলিউডের নতুন দুইটি সিনেমা দিয়ে প্রদর্শনী শুরু করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স।
একইদিনে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘উনপঞ্চাশ বাতাস’। এছাড়া হলিউডের দুই আলোচিত সিনেমা ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ এবং ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’। সিনেমাগুলোর জন্য রীতিমত মুখিয়ে আছেন দর্শক। করোনা ভাইরাসের কারণে এগুলোর মুক্তি আটকে ছিল।

চলতি বছর ১৩ মার্চ ‘উনপঞ্চাশ বাতাস’ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি পেছানো হয়। এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা। এটিই তার প্রথম সিনেমা। তার বিপরীতে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন উজ্জ্বল নিজেই। শার্লিন-বর্ষণ ছাড়া আরও রয়েছেন ইলোরা গওহর, ইনামুল হক, সেঁজুতি, মানস বন্দ্যোপাধ্যায়, খায়রুল বাসার প্রমুখ।
স্টার সিনেপ্লেক্স জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেওয়াকে উৎসাহিত করছে তারা।



