
বসুন্ধরা সিটি শপিংমলে আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স। এখানে চিরতরে বন্ধ হবে ঢাকাবাসীদের বিনোদনের জনপ্রিয় এ মাধ্যমটি। স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি যে বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।’
২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এই সিনেমা হলটি। এটি ঢাকাবাসীর তো বটেই, সারাদেশের সিনেমাপ্রেমী দর্শকের ভালোবাসা কুড়িয়েছিল। ১৮ বছর ধরেই বসুন্ধরায় এই সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।
বিশেষভাবে বলা যায় হলিউডের বাজারের সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক মুক্তির দিন অনেক বড় বাজেটের ছবি তারা মুক্তি দিয়েছে। এজন্য হলিউডপ্রেমী দর্শকের কাছে খুবই প্রিয় ছিলে স্টার সিনেপ্লেক্স।



