
২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খোঁজা হচ্ছিল। পরে অপু বিশ্বাসের নাম ঘোষণা হয়। এবং সিনেমাটির যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌসের উপস্থিতিতে ১৬ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তির দুদিনের মাথায় এস অপু বিশ্বাস দাবি করেন সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছন। কিন্তু সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস এক ভিডিও বার্তায় বললেন, ‘অপু বিশ্বাস সরে যাননি, তাকে বাদ দেয়া হয়েছে’।
সেই ভিডিওতে অপু বিশ্বাসকে ‘আশীর্বাদ’ থেকে বাদ দেয়ার কারণ তুলে ধরেন জেনিফার। তিনি বলেন, চুক্তির সময় অপু বিশ্বাস নিজস্ব ফটোগ্রাফার নিয়ে এসে স্থিরচিত্র, ভিডিও করেছেন এবং প্রযোজকের অনুমতি ছাড়াই সাইনিংয়ের এসব কিছু তার ইচ্ছে মতো নিজের চ্যানেলে ব্যবহার করেছেন।
যা তাকে আগেই নিষেধ করে দিয়েছিলাম, অনুমতি ছাড়া প্রকাশ না করতে। কিন্তু অপু বিশ্বাস এসব নিষেধ না শোনায় সোমবার রাতেই পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে আলাপ করেই তাকে বাদ দেয়া হয়।
অন্যদিকে, অনেক জল খেলাখেলির পর ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন মাহিয়া মাহি। সরকারি অনুদান পাওয়া এ ছবিতে মাহির নায়ক রোশান। এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা। এ সিনেমার প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। এটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।



