
আবারো এক সঙ্গে কাজ করতে চলেছেন ইফতেখার চৌধুরী ও মাহিয়া মাহি। ‘অগ্নি’র প্রথম ও দ্বিতীয় পর্ব দিয়ে বেশ দর্শক পরিচিতি পেয়েছিলো এই জুটি। ২০১৫ সালের পর দুজনের একসঙ্গে আর কোন ছবিতে কাজ করা হয়নি।
পাঁচ বছর পর আবার এ পরিচালক-নায়িকা জুটি ‘অফিসার’ করবেন বলে জানা গেছে। তবে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। সোমবার (১৩ জুলাই) রাতে ইফতেখার চৌধুরী ও মাহিয়া মাহি এ ছবিতে কাজ করছেন বলে জানিয়েছেন। ছবিটি নির্মিত হচ্ছে এসজি প্রোডাকশনের ব্যানারে।
এর আগে, ডিএ তায়েবের সঙ্গে মাহি ‘অন্ধকার জগত’ নামে বদিউল আলম খোকনের পরিচালনায় একটি ছবি করেছিলেন। ছবিটি গত বছর মুক্তি পেয়েছিলো।
ইফতেখার চৌধুরী জানান, ‘অফিসার’-এ দুজন নায়ক থাকবে। একজন ডিএ তায়েব। অন্যজন নতুন কেউ থাকবেন। তায়েব একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে মাহিকে একজন পরিবেশ আন্দোলনকর্মীর ভূমিকায় দেখা যাবে।
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ইফতেখার ভাইয়ার কারণে সবাই আমাকে ‘অগ্নিকন্যা’ ডাকে। তার সাথে এ ছবিটাও অবশ্যই ভালো ও স্মার্ট কিছু হবে। গল্পটাও অসাধারণ। সবাই পছন্দ করবে, এতে কোন সন্দেহ নেই।



