
নানান জটিলতা শেষে অবশেষে নতুন ভবন নির্মাণের অংশ হিসেবে ৩ ও ৪ নং শুটিং ফ্লোর ভাঙ্গার কাজ শুরু হয়েছে। ২০১৩-১৪ সালের দিকে তৎকালীন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন, এফডিসিতে নির্মিত হবে ‘বিএফডিসি ভবন’। এফডিসিকে আধুনিকায়নের ও স্বাবলম্বী করার অংশ হিসেবে এটি করা হবে।
প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া ডেস্টারাস কনসাল্টিং ফার্ম ‘এফডিসি ভবন’র নকশা প্রস্তুত করেছে। করোনাভাইরাসের কারণে ভবন নকশা অনুমোদনে দেরি হচ্ছে বলে জানা গেছে। নকশা অনুমোদন হলেই মূল ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে।
‘এফডিসি ভবন’ প্রকল্পের সহকারী পরিচালক আইয়ুব আলী জানিয়েছেন, গত ৫ জুলাই থেকে এ ভাঙ্গার কাজ শুরু হয়েছে। এখানে ১২ তলা ভবন নির্মিত হবে। যেখানে থাকবে সিনেমা হল, শুটিং ফ্লোর, সুইমিংপুল, আবাসিক হোটেল, স্টুডিওসহ আধুনিক সুযোগ সুবিধা।
দুটি ফ্লোর বন্ধ হয়ে গেলে পরিচালকদের সমস্যা হবে না বলেও জানিয়েছেন আইয়ুব আলী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে অনেক আগে থেকেই শুটিং করা যাচ্ছে। ওখানে চাইলেই পরিচালকরা তাদের ছবির শুটিং করতে পারবেন।’



