
মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মঙ্গলবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিহারের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র। মৃত্যুর আগে একটি চিরকুট রেখে যান তিনি। সেখানে লেখা, ‘সুশান্ত যদি চলে যেতে পারলো, তবে আমি কেন পারবো না!’
এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর আসে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী! সুশান্তের ওই আত্মীয় ও বিহারে থাকতেন। রবিবার সুশান্তের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ওই আত্মীয়!
রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।



