
টেলিভিশন নাটকের সংগঠনগুলো সরকারের লকডাউন তুলে নেওয়ার পর থেকে শুটিংয়ের অনুমতি প্রদান করেছে। দীর্ঘদিন ঘরবন্দি অবস্থা থেকে অনেকেই ফিরেছেন কাজে। এ নিয়ে অনেকে খুশি আবার অনেক হতাশাও প্রকাশ করেছেন।
কারণ একটি শুটিং ইউনিট মানে অনেক মানুষের একসঙ্গে কাজ। চাইলেও দূরত্ব বজায় রেখে এখানে কাজ করা খুব বেশি সম্ভব নয়। তাই অনেকে এখন পর্যন্ত কাজে ফেরার সিদ্ধান্ত নেননি।
অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘এমন অবস্থায় শুটিং হাউজে নিরাপদ থাকবো তা মনে হয় না। কারণ শুটিং মানেই অনেক মানুষ। সেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ করাটা কঠিন। যারা কাজ করছেন সেটা তাদের বিষয়। কিন্তু আমার জীবনের দিকটা তো আমারই দেখতে হবে। তাই সবকিছু স্বাভাবিক হলে তবেই কাজে ফেরার সিদ্ধান্ত নেবো।’
মেহজাবীন বলেন, ‘এখনও কোনো শুটিংয়ে অংশ নিইনি। পরিস্থিতি আরও ভালো হওয়ার অপেক্ষায় আছি। এখন সবার নিরাপদে থাকা জরুরি। নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্যই ঘরে থাকছি।’



