
করোনায় চলচ্চিত্র অঙ্গনের অনেক শিল্পীর জীবনেও ব্যাপক প্রভাব পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে। কর্মহীন হয়ে পড়ায় মৌলিক চাহিদাগুলো মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। তাঁদের সহায়তায় এরই মধ্যে এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ খান, সোনু সুদ, অমিতাভ বচ্চনসহ অনেকেই।
এবার ব্লকবাস্টার ছবি ‘কবির সিং’-এ সর্বশেষ দেখা যাওয়া শহিদ কাপুর এগিয়ে এসেছেন মানবসেবায়। তাঁর অভিনীত ছবি ‘ইশক ভিশক,’ ‘শান্দার’ ইত্যাদি ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করা শিল্পীদের সাহায্যার্থে তিনি এগিয়ে এসেছেন বলে খবর।
খবরে প্রকাশ, কোরিওগ্রাফার বস্কো মার্টিস ও আহমেদ খানের দলের ৪০ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করেছেন শহিদ কাপুর। সাবেক এক ব্যাকগ্রাউন্ড ড্যান্সারও বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শহিদ কাপুর সম্প্রতি তাঁর সঙ্গে আগে কাজ করা ড্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করেছেন। তিনি ৪০ জন ড্যান্সারকে সাহায্য করেছেন এবং জানিয়েছেন আগামী দুই-তিন মাস তিনি এই সাহায্য চালিয়ে যাবেন।’
শহিদ কাপুর বর্তমানে তাঁর স্ত্রী মীরা রাজপুত ও বাচ্চাদের সঙ্গে হোম কোয়ারেন্টিনে আছেন। অবশ্য নিজের আপডেট তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।



