Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

হোম কোয়ারেন্টাইনে শাওন

সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। এই অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ঘটনার বর্ণনা করে শাওন লিখেছেন, ‘বেশ আগে প্রতিশ্রুতি দেয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। তখন ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউ ইয়র্কে করোনা ভাইরাস প্রকাশ পায়নি। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকার বিভিন্ন স্টেটে সতর্ক বার্তা জারি করা হয়। তারপর একদম ঘর থেকে বের হইনি।

আগামী ৩০ ও ৩১ মে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০২০-এর সংবাদ সম্মেলন বাতিল এবং মূল অনুষ্ঠান স্থগিত করা হয় তৎক্ষনাৎ। প্রতি মুহূর্তের খবর দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চা দুটোর কাছে ফিরে যেতে পারব তো?’

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাওন লিখেন, ‘পরম করুণাময়ের অশেষ কৃপায় গতকাল দেশে ফিরেছি। ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য বিষয়ক সতর্ক অবস্থান দেখে ভালো লাগলেও দুবাই থেকে ফেরার ফ্লাইটে মধ্যপ্রাচ্যের যাত্রীদের গণহারে প্যারাসিটামল কিংবা প্যানাডল খেয়ে ‘জ্বর যেন না ওঠে তাইলে মেশিনে আটকায়ে দিবে’ ধরনের আচরণ খুব আশঙ্কাজনক লেগেছে! ‘কোয়ারেন্টাইন’ শব্দটার প্রতি এক অজানা ভীতিতে সবাই।

‘মাত্র ১৪টা দিন নিয়ম মেনে আলাদা থাকলে পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকবে’ এই কথা ৪/৫ জনকে বোঝানোর চেষ্টা করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। তবে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম নিউ ইয়র্ক থেকে রওনা হওয়ার একদিন আগেই। আব্বু-আম্মুর সঙ্গেও কথা বলে রেখেছিলাম, তারা দুইজন সায় দিয়েছেন। নিনিত এবং নিষাদ দু’জনকেই বুঝিয়ে বলেছেন। পুত্রদ্বয়ও বিষয়টা সুন্দরভাবেই গ্রহণ করেছে।’

বর্তমানে কীভাবে আছেন তা তোলে ধরে শাওন লিখেছেন, ‘আমি গতকাল থেকে আমার ধানমন্ডির বাসায় সবার থেকে আলাদা (হোম কোয়ারেন্টাইন শব্দটিতে আমারও ভয় লাগে!) আছি। আমার মায়ের বাড়িতে থাকা পুত্রদের সাথে ঘণ্টায় ঘণ্টায় ভিডিও কলে কথা হচ্ছে।

বাসায় ফেরার পর গতকাল রাতে প্রতিবেশী স্বর্ণা ভাবি জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে চাইলে তাকে বারণ করেছি। তিনি বুঝতে পেরেছেন এবং ৩/৪ হাত দূরে দাঁড়িয়ে খাবার দিয়ে গেছেন। দখিন হাওয়া’য় আমার বাসার দরজা প্রথমবারের জন্য তালাবন্ধ রাখা হয়েছে!’

আশার কথা ব্যক্ত করেছেন শাওন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি ভালো আছি। জ্বর, কাশি, গা ব্যথা কিছুই নেই। আপাতত আগামী সাড়ে ১৩ দিন (আধাদিন পার হয়ে গেছে) কী কী করব তার তালিকা করছি। ১. বিশ্রাম। ২.বিশ্রাম। ৩.বিশ্বের করোনা পরিস্থিতির খবর দেখা। ৪. বিশ্রাম। ৫. বাংলাদেশের খবর দেখা। ৬. আবারো বিশ্রাম।

৭. নেটফ্লিক্স। ৮. নেটফ্লিক্স। ৯. নেটফ্লিক্স। ১০. বিশ্রাম। ১১. ফেসবুক স্ক্রল করা। ১২. ভিডিও কলে আড্ডা। ১৩. কিঞ্চিৎ লেখালেখির চেষ্টা। চাইলে আপনারাও কিছু যোগ করতে পারেন এ তালিকায়। সবাই ভালো থাকবার চেষ্টা করবেন। অন্যদের ব্যাপারেও সচেতন থাকবেন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button