
বলিউড তারকাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত। বলিউড কাপুরুষে ভরা। শুধু নিজেদের নিয়েই ভাবে তারা। দিনে বিশবার আয়না দেখাই তাদের কাজ। দেশ নিয়ে ভাবার সময় কোথায় তাদের? একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এসব কথা বলেছেন।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সারা ভারত যখন সোচ্চার। এ নিয়ে বলিউড তারকারাও মুখ খুলছেন, বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন তারাও। তবে যেসব তারকারা মুখ খুলেননি তাদের কাপুরুষ আর মেরুদণ্ডহীন বলে আখ্যা দিলেন এই অভিনেত্রী।
তিনি আরও বলেন, তারকাদের সবকিছুতেই ভয় থাকে। তারা সবচেয়ে ভীতু। তারা কাপুরুষ ও মেরুদণ্ডহীন। তাই তারা অন্যদের নিয়ে খারাপ মন্তব্য করে। নারীদের নিয়েও করে, কারণ তারা কাপুরুষ। তাদেরকে আদর্শ ভাবা বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন করেছে ভারত। তবে এই আইন পাস হওয়ার পর অনেকেই মুসলিমবিরোধী আইন হিসেবে দেখছেন এটিকে।



