Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

সব জটিলতা শেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দীর্ঘ প্রতীক্ষা ও পূর্বনির্ধারিত কনসার্ট স্থগিত হওয়ার জটিলতা কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান।

আয়োজক সূত্র জানিয়েছে, ২০২৫ সালে নির্ধারিত হলেও স্থগিত হয়ে যাওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন এবং অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট ক্রয় করতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও তথ্য যাচাইয়ের পর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তা সরবরাহ করা হবে।

এর আগে কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; বরং উপযুক্ত সময়ে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, তিনি আবারও ঢাকায় ফিরবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অনুষ্ঠানের ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। টিকিট বিক্রি ও মঞ্চ প্রস্তুতিসহ প্রায় সব আয়োজন সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।

আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, কনসার্ট স্থগিত হওয়ার পর দর্শকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা নিরলসভাবে কাজ করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পর অবশেষে অনুষ্ঠানটির নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া অঙ্গীকার রক্ষার একটি প্রয়াস। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন এবং আয়োজকদের প্রতি আস্থা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগের টিকিটধারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button