ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

বিনোদন ডেস্ক: দেশের টেলিভিশন জগতের পরিচিত মুখ ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নতুন জীবনে পা রেখেছেন। গত শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তাকে ঘিরে।
চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন আলোচিত অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে সুপরিচিত হয়ে ওঠেন দীপ্তি। এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করায় শুভেচ্ছা ও আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।
দীপ্তির জীবনসঙ্গী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তবে কিছু ব্যবহারকারী তাদের ব্যক্তিগত জীবন, বয়স ও পেশাগত পরিচয় নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্যও করেছেন।
এসব আলোচনার মধ্যে দীপ্তি কোনো নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ের অনুষ্ঠানের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান। তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। ভালোবাসার পাশাপাশি তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। চলুন, আমাদের নতুন যাত্রা শুরু করি।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কয়েক দিনের মধ্যেই পোস্টটিতে লাখ লাখ প্রতিক্রিয়া এবং হাজার হাজার মন্তব্য জমা পড়ে। পরে গায়েহলুদ অনুষ্ঠানের ছবিও প্রকাশ করেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “একমুঠো হলুদ, এক আকাশ আনন্দ, আর এক জীবনের অপেক্ষা।”
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যেই পেশাগত ব্যস্ততায় ফিরেছেন দীপ্তি চৌধুরী। ব্যক্তিগত জীবনের নতুন দায়িত্বের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা ও রেকর্ডিংয়ের কাজেও তিনি নিয়মিত সময় দিচ্ছেন।



