মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) সংক্রান্ত চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা ২০২৬ বাবদ মোট চারটি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।
এই চেকগুলো অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের প্রধান ও স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক-কর্মচারীরা আগামী ১৪ এপ্রিল ২০২৬-এর পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বৈশাখী ভাতা উত্তোলন করতে পারবেন।
তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে ৮২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫৭৬৭টি, আলিম পর্যায়ের ১২৮৫টি, এবং ফাজিল ও কামিল পর্যায়ের যথাক্রমে ৯৯৩ ও ১৮৪টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন, যারা এই ভাতা সুবিধার আওতায় আসবেন।



