
বাংলা টিভি ডেস্ক: রাজধানী ঢাকার রাস্তায় এক কোরিয়ান ভ্লগারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঢাকার একটি সড়কে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন এক কোরিয়ান নাগরিক। এ সময় স্থানীয় এক যুবক তাকে ‘চিং চ্যাং’ বলে কটাক্ষ করেন। বর্ণবাদী এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভ্লগার ওই যুবকের পিছু নেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন হস্তক্ষেপ করে অভিযুক্ত যুবককে আটক করেন এবং ভ্লগারের কাছে ক্ষমা চাইতে বলেন। পরে ভিডিওতে দেখা যায়, ক্ষমা চাওয়ার পরও কোরিয়ান ভ্লগার যুবকটিকে মারধর করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল ব্যবহারকারী বর্ণবাদী মন্তব্যের কঠোর সমালোচনা করে এমন আচরণকে অগ্রহণযোগ্য বলেছেন। অন্যদিকে, আরেকদল মনে করছেন, ক্ষমা চাওয়ার পর শারীরিকভাবে আক্রমণ করা ঠিক হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।



