দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

দেশ পুনর্গঠনে সহযোগিতা এবং অবদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জানান, বাংলাদেশের জন্য প্রবাসীরা একটি অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সব কথা বলেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে-এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন,জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ফলে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শুধু রাজনৈতিক দল কিম্বা কোন সংস্থা নয় বাংলাদেশের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে উল্লেখ করে দেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবেও জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এছাড়া এ আয়োজনে প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা,নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা।
বুলবুল / বাংলা টিভি



