সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম বলেছেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক ও সুন্দর রয়েছে। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সবকিছু পজিটিভলি হচ্ছে। শেষ পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
তিনি আরও জানান, শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নিরপেক্ষ ফলাফল আসবে বলে আশা করছেন।
এবার ছাত্রশিবির সমর্থিত প্যানেলে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীরাও রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।
এসআর/বাংলা টিভি



