ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদ উল ফিতর উপলক্ষ্যে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। গত দুই ঈদের মতো এবারও ট্রেনের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। ফলে কমলাপুর রেল স্টেশনে ছিল না টিকিটপ্রত্যাশী মানুষের চিরচেনা ভিড়। অনলাইনে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ করা প্রায় ১৬ হাজার টিকিটের বিক্রি শেষ পর্যায়ে। এদিন বাসেরও আগাম টিকিট বিক্রি চলে। তবে কাউন্টারগুলোতে তেমন ভিড় ছিল না।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, গেল দুই ঈদের মতো এবারও কাউন্টারে ঈদের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছেনা। সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
তিনি আরও বলেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের ৩রা এপ্রিলের ১৫ হাজার ৯৩৩ টি টিকিটের জন্য শুরুতেই ১৫ লাখ হিট হয়। দুপুর ২টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম-সিলেট অঞ্চলের ১৬ হাজার ৯৯টি টিকিট বিক্রি।
সোমবার দেয়া হবে চৌঠা এপ্রিলের ট্রেন যাত্রার টিকিট। এছাড়া ২৬শে মার্চ দেয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের, ২৮শে মার্চ দেয়া হবে ৭ এপ্রিলের, ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের এবং ৩০শে মার্চ দেয়া হবে ৯ই এপ্রিলের আগাম টিকিট। ৩রা এপ্রিল থেকে দেয়া হবে ফিরতী টিকিট।
বাংলা টিভি/ রাজ



