জবি শিক্ষার্থী মীমের অভিযোগের তদন্ত চলছে: ডিবিপ্রধান

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাজী ফারজানা মীমের করা অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিবিপ্রধান বলেন, জবি শিক্ষার্থী মীম সোমবার একটি অভিযোগ করেছেন। এর ভিত্তিতে আমাদের সাইবারের একটি টিম কাজ করছে। অভিযোগকারী মীমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আমরা জবি ভিসির সঙ্গে কথা বলেছি। ভিসি অনেক কথা বলেছেন, এ অভিযোগের অনেক বিষয়ের অনেক কিছুই আমাদের হাতে নেই।
হারুন বলেন, প্রশাসনিক বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো না, তাকে কেন বার বার ফেল করানো হচ্ছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তবে তাকে আটকে রাখা হয়েছিল বা হুমকি দেওয়ার বিষয়গুলো আমরা তদন্ত করছি।
বাংলা টিভি/ রাজ



